‘আ. লীগের পতন থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে’

কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আওয়ামী লীগ সরকারের পতন থেকে বিএনপির নেতাকর্মীদের শিক্ষা নিতে হবে। আওয়ামী যেমন জুলুম নির্যাতন করে জনগণবিহীন পাতানো নির্বাচনের মাধ্যমে বার বার ক্ষমতায় আসার চেষ্টা করেছে একসময় ছাত্রজনতা তাদের দেশছাড়া করেছে।

শনিবার (৪ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার চান্দুরা ইউনিয়ন বিএনপির আয়োজনে দাউদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এক জনসভায় তিনি এসব কথা বলেন।

খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, আওয়ামী লীগ জনগণকে গুরুত্ব না দিয়ে দিনের ভোট রাতে, জনগণবিহীন ভোট, ক্ষমতার অপব্যবহার করে বিএনপির অনেক নেতাকর্মীদের জেল জুলুম নির্যাতনের মাধ্যমে নিজেদের স্বৈরাচারী রূপে অবতীর্ণ করেছে। যার জন্য তারা জনগণ থেকে বিছিন্ন হয়ে দেশত্যাগ করতে বাধ্য হয়েছে।

তিনি বলেন, ছাত্রজনতার আন্দোলনের সফলতা আসলেও দীর্ঘ ১৬ বছর বিভিন্ন আন্দোলনের মাধ্যমে বিএনপি ও সহযোগী সংগঠন সেই সফলতা পরিবেশ তৈরি করেছে। তাই সেই সফলতা বিএনপির নেতাকর্মীদের ধরে রাখতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে আগামীর সরকার বিএনপি গঠন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।