বাংলা চলচ্চিত্রের প্রথম মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী ১৯২৪ সালের মে মাসে পশ্চিমবঙ্গের বনগাঁয়ে জন্মগ্রহণ করেন। বনগাঁ ছিল তার পিতা আফসার উদ্দিনের কর্মস্থল। তার পৈতৃক নিবাস ছিল বৃহত্তর যশোর জেলার শ্রীপুর থানার সোনাতনদি গ্রামে, যা বর্তমানে মাগুরা। ১৯৪১ সালে ম্যাট্রিক পাস করেন এবং পরে আইএ ও বিএ পাস করেন বনানী। তার স্বামীর নাম রাজ্জাক চৌধুরী। ছোটবেলা থেকেই তার শিল্পী প্রতিভার পরিচয় মেলে। স্বামী ও তার দুই বন্ধু মানিক বন্দ্যোপাধ্যায় এবং সুলতান আহমেদের উৎসাহে চলচ্চিত্রে অভিনয়ের পথে পা বাড়ান বনানী চৌধুরী। কিন্তু সেকালে মুসলিম পরিবারের মেয়েদের চলচ্চিত্রে অংশগ্রহণ ছিল অভাবনীয়। চলচ্চিত্রে অভিনয়ের জন্যই বনানী চৌধুরী নাম গ্রহণ করেছিলেন তিনি। তার প্রকৃত নাম বেগম আনোয়ারা নাহার চৌধুরী লিলি। ১৯৪৬ সালে বিখ্যাত পরিচালক গুণময় বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পায় বনানী অভিনীত প্রথম ছবি ‘বিশ বছর পরে’। এই ছবিতে অভিনয় করেই তিনি জনপ্রিয়তা পান। বনানী অভিনীত বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে রয়েছে : চলার পথে, অভিযোগ, মায়াজাল, পরশ পাথর, শেষের কবিতা, মহাসম্পদ, আম্রপালী, তপসী, নন্দরামের সংসার ইত্যাদি। ১৯৭০ সালে জহির রায়হান পরিচালিত ছবি ‘লেট দেয়ার বি লাইট’ চলচ্চিত্রে অভিনয় করে ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন তিনি। বিখ্যাত বাঙালি অভিনেত্রী বনানী চৌধুরী ১৯৯৫ সালের ৫ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়।