বক্সে খাবারের গন্ধ দূর করবেন যেভাবে

অনেকের ক্ষেত্রেই এ রকম ঘটে যে, লাঞ্চ বক্স ধুয়ে রাখার পরও গন্ধ  থেকে যাচ্ছে। যার ফলে পরের দিন যখন খাবার খাচ্ছেন তখন ওই গন্ধ পাচ্ছেন। এ ক্ষেত্রে লাঞ্চ বক্সের গন্ধ কীভাবে দূর করবেন জেনে নিন

লাঞ্চ বক্স থেকে খাবারের গন্ধ দূর করার সেরা উপায় হলো সাদা ভিনিগার। গরম পানিতে আর সাদা ভিনিগার সমপরিমাণে মিশিয়ে টিফিন বক্সে ঢেলে ভালো করে নাড়াচাড়া করে আধ ঘণ্টা রেখে দিন। একটু বেশি জোরালো কাজ চাইলে এর সঙ্গে এক চিমটে লবণও দিতে পারেন। আধা ঘণ্টা পরে ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। ভিনিগারে থাকা অ্যাসিডিটি গন্ধ দূর করার পাশাপাশি তেলচিটে ভাবও দূর করে দেবে।

হলদেটে দাগ, তেলচিটে ভাব ধোয়ার পরও যেতে না চাইলে পরিষ্কার করা লাঞ্চ বক্স কয়েক ঘণ্টা রোদে রেখে দিন। সূর্যের আলোয় থাকা অতি বেগুনি রশ্মি সহজেই হলদেটে দাগ ও গন্ধ দুটোই দূর করবে।

লাঞ্চ বক্সের কোনায় অনেক সময়েই হাত পৌঁছায় না। খাবারের টুকরো বা তেল-মসলা আটকে থাকারও সুযোগ থেকে যায়। ওই সব ক্ষেত্রে চাল কাজে আসতে পারে। টিফিন বক্সের ভেতরে কয়েক ফোঁটা তরল বাসন মাজার সাবান, গরম পানি আর এক টেবিল চামচ চাল দিয়ে বক্সের মুখ বন্ধ করে ভালোভাবে ঝাঁকান। কোনায় লুকিয়ে থাকা সব মসলা বা তেলচিটে ভাব পরিষ্কার হয়ে যাবে।