বাপ্পি লাহিড়ীর সোনাগুলো কি বিক্রি হয়েছে?

বাপ্পি লাহিড়ী মানেই গা ভর্তি গয়না, সোনার হার ও সানগ্লাস। দুই বছর আগে এই গায়ক, সুরকারের মৃত্যু হয়েছিল স্লিপ অ্যাপনিয়ায়। জীবদ্দশায় গয়না পরতে খুবই ভালোবাসতেন তিনি। হাতে, গলায় পরে থাকতেন লাখ লাখ টাকার অলঙ্কার। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই সব গয়না কোথায় গেল? নাকি বদলে গেছে মালিকানা? কার কাছে এখন সেই গয়না?

ইন্ডিটা টুডে জানিয়েছে, ২০১৪ সালেই এফিডেবিট করে গিয়েছিলেন বাপ্পি লাহিড়ী। সেখানে উল্লেখ ছিল তার কাছে মোট ৭৫৪ গ্রাম সোনা আছে। সেই সময় এসব স্বর্ণালঙ্কারের বাজারমূল্য ছিল ভারতীয় মুদ্রায় ৩৮ লাখ ৭১ হাজার ৭৯০ রুপি। সেখানে আরও লেখা ছিল- তার মৃত্যুর পর যাবতীয় অলঙ্কার পাবে ছেলে বাপ্পা ও মেয়ে রীমা। এরপর তার ইচ্ছাকে মর্যাদা দিয়ে সেই অলঙ্কার গচ্ছিত রয়েছে ছেলেমেয়ের কাছেই। তবে তা তারা বিক্রি করেননি। বাবার স্মৃতি হিসেবে রেখেছেন পরিবারের অন্দরেই।

বাপ্পি লাহিড়ী যে শুধু গয়নার মালিক ছিলেন তা নয়। গাড়িরও শখ ছিল। বিএমডব্লিউ, টেসলা এক্স, অডির মতো দামি গাড়ি ছিল তার। প্রায় ২২ কোটি রুপির সম্পত্তি রেখে গিয়েছেন এই গায়ক। 

ডিস্কো কিং জানিয়েছিলেন, সোনা তার লাকি চার্ম। সে কারণেই সব জায়গায় সোনা নিয়ে যেতেন। যত্ন করতেন অলঙ্কারের। মাত্র ১৯ বছর বয়সে সঙ্গীতজগতে প্রবেশ করেন বাপ্পি লাহিড়ী। সবসময় হাসিমুখ, সকলের সঙ্গে মিলেমিশে থাকার স্বভাব তাকে জনপ্রিয় করে তোলে।