ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন ৫০ বিচারক

প্রশিক্ষণের জন্য ভারতে যাচ্ছেন বাংলাদেশের অধস্তন আদালতের ৫০ বিচারক। ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি এবং স্টেট জুডিশিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি তারা প্রশিক্ষণে অংশ নেবেন।

প্রশিক্ষণের জন্য জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের মনোনয়ন দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শের পরিপ্রেক্ষিতে প্রশিক্ষণের এ অনুমতি দিয়েছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, সুপ্রিম কোর্টের পরামর্শের পরিপ্রেক্ষিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি  ভারতের ন্যাশনাল জুডিশিয়াল একাডেমি ভূপাল এবং একটি স্টেট জুডিশিয়াল একাডেমিতে অনুষ্ঠিতব্য প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাককে অনুমতি হলো। বিজ্ঞপ্তিতে উল্লেখিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রশিক্ষণে অংশগ্রহণের অনুরোধ জানিয়ে বলা হয়, প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকার বহন করবে।