বাংলাদেশের মানুষের জন্য নয় বরং ‘সেভেন সিস্টার্স রক্ষা করতে’ ভারত একাত্তরে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, একাত্তরের আগে সংস্কৃতি, মতপার্থক্যসহ বিভিন্ন ধরনের পরিবেশ পরিস্থিতির কারণে ‘সেভেন সিস্টার্সে প্রায় বিদ্রোহ’ লেগে থাকত।
গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে এক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন তিনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম নগর শাখা আয়োজিত গোলটেবিল আলোচনার বিষয় ছিল ‘ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক আধিপত্য প্রতিরোধ, চট্টগ্রামের আঞ্চলিক সমস্যার সমাধান এবং বৈষম্যহীন কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা’। সেখানে সারজিস আলম বলেন, ‘তরুণ প্রজন্মকে বুঝাতে হবে, যে শুধুমাত্র বাংলাদেশের মানুষের জন্য নয় বরং নিজের সেভেন সিস্টার্সকে সেইভ করার জন্য কীভাবে ভারত এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। ‘যখন ওই সেভেন সিস্টার্স সংলগ্ন পাকিস্তানের একটি বড় অংশ ছিল, তখন ভারত এই ভয় পেত যে, কখন আমি না দ্বিখণ্ডিত হয়ে যাই।’