রূপপুরে চারতলা ভবন থেকে পড়ে রুশ নারীর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটির চারতলা ভবনের জানালা দিয়ে পড়ে গিয়ে পোস্টারুক কেসেনিয়া (৪০) নামের এক রাশিয়ান নারী কর্মীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার ভোরে গ্রিনসিটির ৯ নম্বর ভবনের ৪২ নম্বর ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। নিহত রাশিয়ান নাগরিক পোস্টারুক কেসেনিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের স্মু-১ কোম্পানিতে কর্মরত ছিলেন। সংবাদ পেয়ে গ্রিনসিটিতে কর্মরত চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। পোস্টারুক কেসেনিয়ার মৃত্যু নিয়ে জনমনে নানা ধরনের জল্পনা-কল্পনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করছেন দাম্পত্য কলহের কারণে স্বামী-স্ত্রীর হাতাহাতির একপর্যায়ে পোস্টারুক কেসেনিয়া নিজ কামরার জানালা দিয়ে নিচে পড়ে যান। কেউ বলছেন, তার স্বামী ধাক্কা দিয়ে তাকে নিচে ফেলে দিয়েছেন। ঘটনার পর তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রিনসিটির সিকিউরিটির সদস্যরা হেফাজতে নিয়েছেন বলে সূত্রে জানা গেছে। এদিকে রাশিয়ান নাগরিক পোস্টারুক কেসেনিয়ার লাশ প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান ওসি (তদন্ত) মনিরুল ইসলাম।

ঈশ্বরদী থানার ওসি শহিদুল ইসলাম শহীদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।