অস্ট্রেলিয়ার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে রবিবার বিরাট কোহলির অঙ্গভঙ্গিতে যেন ছয় বছর আগের ‘স্যান্ডপেপার-গেট’ বিতর্ক ফিরে এল। সমর্থকদের কটাক্ষের জবাবে কোহলি এমন কিছু করেছেন, যা মনে করিয়ে দিয়েছে ২০১৮ সালের সেই বিতর্কিত অধ্যায়।
দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারে সমর্থকদের বিদ্রুপের মাঝে কোহলি প্রথমে পকেটে হাত ঢোকান এবং তা খালি দেখিয়ে বোঝানোর ভঙ্গি করেন। এরপর প্যান্ট কিছুটা টেনে অন্তর্বাসের ভেতর তাকিয়ে মাথা নাড়েন, যেন বোঝাতে চান, তার কাছে কিছু নেই।
এই ঘটনার সঙ্গে সরাসরি তুলনা করা হচ্ছে ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সিরিজের সেই ঘটনার, যেখানে ক্যামেরন ব্যানক্রফ্ট শিরিষ কাগজ লুকিয়ে বল বিকৃতির চেষ্টা করেছিলেন। ওই ঘটনায় স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ব্যানক্রফ্ট নিষিদ্ধ হয়েছিলেন।
কোহলির এমন কাণ্ড অবশ্য নতুন নয়। অতীতে সমর্থকদের সঙ্গে নানা বিতর্কে জড়িয়েছেন তিনি— কখনও কানে হাত দিয়ে কিছু না শুনতে পাওয়ার ভঙ্গি, কখনও আঙুল তুলে অশালীন ইঙ্গিত। সাম্প্রতিক সময়ে অবশ্য এসব থেকে দূরে ছিলেন তিনি, তবে সিডনিতে সেই পুরনো দৃশ্য ফিরে এল।
উল্লেখ্য, এই ম্যাচে ভারত ছ’উইকেটে হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। ১৬২ রানের লক্ষ্য তাড়া করে অস্ট্রেলিয়া সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নেয়। ভারতের দ্বিতীয় ইনিংস থামে মাত্র ১৫৭ রানে।