১০ টেস্টে হার ৬, কোচ গম্ভীরের পরিসংখ্যানে চিন্তায় ভারতীয় ক্রিকেট

ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসাবে ছয় মাসেই চাপে গৌতম গম্ভীর। দায়িত্ব নিয়েই দম্ভ দেখিয়েছিলেন, কিন্তু প্রথম ১০ টেস্টে ছয়টি হারের পরিসংখ্যান তাকে ফেলেছে চরম সমালোচনার মুখে। এই পরিসংখ্যান ভারতীয় দলের গত চার কোচের চেয়েও খারাপ।

গম্ভীরের অধীনে ভারতের জয় মাত্র তিনটি। এর মধ্যে দুটি বাংলাদেশের বিরুদ্ধে এবং একটি ঘরের মাঠে। নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে চুনকাম হওয়ার পাশাপাশি, ১০ বছর পর বর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া হয়েছে ভারতের। অস্ট্রেলিয়ায় গিয়ে সিরিজ হারতে হয়েছে, আর ব্রিসবেনে ড্র হওয়া ম্যাচটি বৃষ্টির জন্য রক্ষা পায়।

ভারতের শেষ পাঁচ কোচের প্রথম ১০ টেস্টের পরিসংখ্যান

ডানকান ফ্লেচার (জুন ২০১১ - মার্চ ২০১৫)

ভারতের শেষ বিদেশি কোচ হিসেবে দায়িত্ব পালন করেন ডানকান ফ্লেচার। দায়িত্ব নিয়ে প্রথম ১০ টেস্টের মধ্যে তিনি ৩টি জয় পেয়েছিলেন, ৪টি টেস্টে হেরেছিলেন এবং ৩টি ড্র হয়েছিল।

জয়ের হার: ৩০%

হারের হার: ৪০%

মোট রেকর্ড: ৩৯ টেস্টে ১৩ জয়, ১৭ হার, ৯ ড্র

অনিল কুম্বলে (জুন ২০১৬ - জুন ২০১৭)

মাত্র এক বছরের দায়িত্বে ছিলেন কুম্বলে, কিন্তু তার পরিসংখ্যান ছিল চমকপ্রদ। প্রথম ১০ টেস্টে তিনি ৭টি জয় পেয়েছিলেন এবং একটিতেও হারেননি। বাকি তিনটি টেস্ট ড্র হয়েছিল।

জয়ের হার: ৭০%

হারের হার: ০%

মোট রেকর্ড: ১৭ টেস্টে ১২ জয়, ১ হার, ৪ ড্র

রবি শাস্ত্রী (জুলাই ২০১৭ - সেপ্টেম্বর ২০২১)

প্রথম ১০ টেস্টে শাস্ত্রীর অধীনে ভারত জিতেছিল ৬টি টেস্ট। ২টি টেস্টে হেরেছিল এবং বাকি ২টি ড্র হয়েছিল। তার সময়েই ভারত অস্ট্রেলিয়াকে দুইবার তাদের মাঠে সিরিজে হারানোর কীর্তি গড়ে।

জয়ের হার: ৬০%

হারের হার: ২০%

মোট রেকর্ড: ৪৩ টেস্টে ২৫ জয়, ১৩ হার, ৫ ড্র

রাহুল দ্রাবিড় (নভেম্বর ২০২১ - জুন ২০২৪)

দায়িত্ব নিয়ে প্রথম ১০ টেস্টের মধ্যে দ্রাবিড় ভারতকে ৬টি জয় এনে দিয়েছিলেন। ৩টি টেস্টে ভারত হেরেছিল এবং ১টি ড্র হয়েছিল।

জয়ের হার: ৬০%

হারের হার: ৩০%

মোট রেকর্ড: ২৪ টেস্টে ১৪ জয়, ৭ হার, ৩ ড্র

গৌতম গম্ভীর (জুলাই ২০২৪ - বর্তমান)

গম্ভীরের অধীনে ভারতের প্রথম ১০ টেস্টের পারফরম্যান্স চরম হতাশাজনক। ৩টি টেস্ট জিতেছে, ৬টি হেরেছে এবং ১টি ড্র হয়েছে। এর মধ্যে দুটি জয় এসেছে বাংলাদেশের বিপক্ষে।

জয়ের হার: ৩০%

হারের হার: ৬০%

গম্ভীরের এমন পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে কুম্বলে এবং দ্রাবিড়ের সাফল্য আরও স্পষ্ট হয়ে ওঠে। এই প্রথম ভারতের কোচের হারের হার এত বেশি, যা দলকে বিপর্যস্ত করে তুলছে। পরবর্তী সিরিজগুলোয় ফল পরিবর্তন না করতে পারলে গম্ভীরের দায়িত্বের মেয়াদ নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।