রাজধানীর মিরপুর-১১ বাসস্ট্যান্ড এলাকা থেকে পেশাদার ছিনতাইকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো মো. শুভ ওরফে সোলায়মান (২৯) ও মো. রুবেল (৩২)।
আজ রবিবার (৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্) মুহাম্মদ তালেবুর রহমানের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, মো. বদরুদ্দোজা গত ২০ ডিসেম্বর সন্ধ্যা সড়ে ৬টায় মিরপুর-১১ এর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসা শেষে ইসলামি ফার্মার সামনে পৌঁছলে কয়েকজন দুষ্কৃতকারী তার নিকট থেকে একটি স্মার্ট ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় তিনি দুজনকে আটক করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় বাদী বদরুদ্দোজার অভিযোগের ভিত্তিতে পল্লবী থানায় একটি মামলা হয়।
থানা সূত্র আরও জানায়, মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য বিশ্লেষণ এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মামলার ঘটনার সঙ্গে জড়িত শুভ ওরফে সোলায়মান ও মো. রুবেলকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে থানা সূত্রে জানা যায়, তারা পেশাদার ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা এই মামলার ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন।