গাড়িচালক আবেদ ও তার স্ত্রী সন্তানের নামে ৩ মামলা

জালিয়াতির মাধ্যমে ৫ কোটি ৩৬ লাখ ৯৩ হাজার ২০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রাক্তন গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী ও ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের নামে তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল রবিবার এসব মামলা করা হয়। এতে আবেদ আলী ও তার স্ত্রীর ১৪টি ব্যাংক হিসাবে ৪৪ কোটি ৮৫ লাখ ৬১ হাজার ৪৪৩ টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহারে বলা হয়, দুদকের প্রাথমিক অনুসন্ধানে পিএসসির আলোচিত গাড়িচালক আবেদ আলী ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের তথ্য-প্রমাণ পেয়ে একটি মামলা করা হয়েছে। এ ছাড়া ১২টি ব্যাংক হিসাবে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ কোটি টাকা উত্তোলনসহ মোট ৪১ কোটি ২৯ লাখ ২০ হাজার ৭১২ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে। তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার ২৩ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে দুটি ব্যাংক হিসাবে ১ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা এবং ১ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনসহ মোট ৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য রয়েছে। আর তাদের ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

দুদকের তথ্যমতে, চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এরপরই দুদক তাদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে।

অভিযোগ রয়েছে, ২০১৪ সালে ২২ এপ্রিল নন-ক্যাডারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী মেনটেইন্যান্স ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তখন এক পরীক্ষার্থীকে সংশ্লিষ্ট প্রশ্নের অবৈধ উত্তরসহ চারটি লিখিত উত্তরপত্র হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় একটি মামলা করা হয়। মামলার তদন্তে আবেদ আলীর সক্রিয়ভাবে সম্পৃক্ত থাকার তথ্য-প্রমাণ পাওয়ায় তাকে বরখাস্ত করা হয়।