বাংলা সিনেমার খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। গতকাল রবিবার রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮১ বছর।
প্রবীর মিত্রর ছেলে নিপুণ মিত্র সংবাদমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেতা। শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বেশ কিছু জটিলতায় গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন প্রবীর মিত্র। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর স্কুলজীবন থেকেই নাটকে যুক্ত হন। তখনই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ডাকঘর’ নাটকে অভিনয় করেছিলেন তিনি।
১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবরের ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান প্রবীর মিত্র। দুই বছর পর সিনেমাটি মুক্তি পায় ১৯৭১ সালের ১ জানুয়ারি। প্রবীর মিত্র অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘জালিয়াত’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ ইত্যাদি।