নির্বাচনে আনসার ভিডিপিকে ভিন্ন রূপে দেখবেন

আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ‘আপনারা পরবর্তী নির্বাচনে আনসার ও ভিডিপিকে একটা ভিন্ন রূপে দেখবেন। জনগণ যেটা চায়, সাধারণ সুষ্ঠু নির্বাচন এবং অনিয়মের ক্ষেত্রে যে জোরালো ভূমিকা, সেটা এ সদস্যদের মধ্যে এবার দেখতে পাবেন।’  

গতকাল রবিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর সফিপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে আনসার ও ভিডিপি একাডেমিতে গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

তিনি বলেন, ‘রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আসলে আমাদের নির্বাচনের প্রস্তুতিটা সংস্কারের সঙ্গে এবং তাদের নিজেদের ভূমিকার যে উন্নয়ন, সেটার সঙ্গে সম্পৃক্ত। এটা একই সঙ্গে চলছে।’

মহাপরিচালক বলেন, ‘ঢাকা শহরসহ বিভিন্ন শহরকেন্দ্রিক যেগুলো আছে, সেখানেও খুব শিগগির প্রশিক্ষণ শুরু হবে। এ ছাড়া এক সঙ্গে পুরো জেলায় যখন এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। আমরা এর প্রাইলট কাজগুলো শেষ করেছি। তাদের লক্ষ্য ও উদ্দেশ্য পরিবর্তন করে দিয়েছি। সব জায়গায় রাজনীতির ছত্রছায়ার বাইরে গিয়ে কীভাবে রাষ্ট্র এবং মানুষের জন্য ভূমিকা রাখা যায়? সেভাবে এই প্রশিক্ষণ আমাদের কারিকুলামে সংযোগ করেছি।