৪৩তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সুপারিশকৃত তালিকা থেকে বাদ পড়া ২২৭ জনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বৈঠক করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল রবিবার মন্ত্রণালয়ের এক নোটিস থেকে এ তথ্য জানা গেছে।
নোটিসে বলা হয়েছে, ৪৩তম বিসিএসের পিএসসি সুপারিশকৃত ২ হাজার ১৬৩ প্রার্থীর মধ্যে ১ হাজার ৮৯৬ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে। বাদ পড়া প্রার্থীরা এরই মধ্যে তাদের নিয়োগ পুনর্বিচেনার আবেদন করেছেন। এ বিষয়ে বৃহস্পতিবার সকালে বৈঠক করবে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ সভার সভাপতিত্ব করবেন।
এই ২২৭ প্রার্থীর সম্পর্কে বিরূপ প্রতিবেদন দিয়েছিল গোয়েন্দা সংস্থা। সেই কারণে তারা চূড়ান্ত তালিকায় ছিলেন না বলে জানিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। কিন্তু বেশ কয়েক দিন ধরে বাদ পড়া প্রার্থীদের আন্দোলন ও সমালোচনার মুখে বাদ পড়াদের সুযোগ তৈরি করে দিতে চাচ্ছে সরকার।