স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশের পর সংস্কারকাজ শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। তিনি বলেছেন, দেশে স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সর্বজনীন করতে স্বাস্থ্য খাতে সংস্কার করা হবে। সে লক্ষ্যে আমাদের সব রকম প্রস্তুতিও আছে। সংস্কার কমিশনের সুপারিশের পর এ খাতে সংস্কারে হাত দেওয়া হবে।
গতকাল রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংস্কার কমিশনের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতবিনিময় সভায় স্বাস্থ্য উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের চেয়ারম্যান জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
অধ্যাপক ডা. এ কে আজাদ খান বলেন, স্বাস্থ্য খাত সংস্কার কমিশন প্রয়োজনীয় সংস্কার বিষয়ে সরকারকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পলিসি ইস্যুজনিত সুপারিশ করবে। প্রস্তাবিত সংস্কারে সরকারের অর্থনৈতিক সক্ষমতা ও সুপারিশের বাস্তবায়নযোগ্যতা বিবেচনায় রাখা হবে। অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, স্বাস্থ্য খাত কমিশনের সুপারিশগুলো সাহসী, জনবান্ধব ও চিকিৎবান্ধব হবেÑ এটাই সবার প্রত্যাশা।
সভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা, নগর স্বাস্থ্য ব্যবস্থাপনা, ওষুধ ব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতে কেনাকাটা এবং পিপিআর, ক্যানসারের চিকিৎসা, ফরেনসিক মেডিসিন, মাতৃস্বাস্থ্য, স্বাস্থ্য খাতে সংশ্লিষ্ট অংশীদারদের কারিকুলাম ও ক্যারিয়ার প্ল্যানিং, প্রিভেনটিভ কেয়ার, স্বাস্থ্য সুরক্ষা আইন, হাসপাতাল ব্যবস্থাপনা, স্বাস্থ্য খাতে জনবল সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।