রাজধানীর মুগদা গ্রিন মডেল টাউন এলাকায় অটোরিকশায় মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আহত হয়েছে অটোরিকশা চালক। নিহতরা হলেন—অংশু (২২) ও আদিল আরহাম সিয়াম (২২)।
গতকাল রবিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসকরা রাত সাড়ে ১০টার দিকে তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. নজরুল ইসলাম জানান, গ্রিন মডেল টাউনে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাশের রাস্তায় একটি অটোরিকশা এবং একটি মোটরসাইকেল উল্টে পড়ে ছিল। পাশেই পড়েছিল মোটরসাইকেলে থাকা দুই যুবক ও অটোরিকশা চালকও। সেখানে ভিড় করে দাঁড়িয়ে ছিল অনেক লোকজন। তখন সেখান থেকে তিনি প্রথমে এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। এরপর অন্যরা অপর যুবককেও হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। তবে অটোরিকশার চালককে কোন হাসপাতালে নিয়ে গেছেন তা তিনি বলতে পারেননি।
তার ধারণা, ওই অটোরিকশাটির সাথে ধাক্কা লেগেছে মোটরসাইকেলটির। এতে তারা ছিটকে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদের দুটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
এদিকে স্বজনা জানান, তাদের দুজনের বাসা মান্ডা এলাকায়। অংশুর বাবার নাম অখিল। আর সিয়ামের বাবার নাম আকরাম হোসেন।