দু’বছর আগে বড় ক্যানভাসে প্রকাশ হয় জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের ‘শঙ্খচূড়’ উপন্যাসটি। এবার এর দ্বিতীয় খণ্ড এল নতুন বছরের প্রথম দিনে। অন্যপ্রকাশ হতে প্রকাশিত হার্ড কপির পাশাপাশি একইসঙ্গে উন্মুক্ত হলো বইটির ই-বুক সংস্করণও। ই-বুক উন্মুক্ত করেছে বইঘর।
‘শঙ্খচূড়’ দ্বিতীয় খণ্ডের প্রকাশ একটি মাইলফলক। একই দিনে বিশ্বব্যাপী বইটির মুদ্রিত কপি ও ই-বুক সংস্করণ প্রকাশিত হয়েছে। পাঠক প্রতিটি হার্ডকপি বই কিনলে সঙ্গে পাচ্ছেন একটি বিশেষ এবং স্বতন্ত্র কিউআর কোড, যেটি স্ক্যান করে তিনি সহজেই বইটির ই-বুক সংস্করণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। ফলে পাঠক যখন যেমন খুশি, হার্ডকপি কিংবা ই-বুক, নিজের সুবিধামতো পড়তে পারবেন। কিউআর কোডটি বইয়ের প্রতিটি কপির জন্য আলাদা; ফলে একটি হার্ডকপি একজনই কেবল একবারমাত্র ডাউনলোড করতে পারবেন। নিঃসন্দেহে এটি অনন্য ঘটনা।
‘অন্যপ্রকাশ’ এবং ই-বুক ও অডিও বুকের প্ল্যাটফর্ম ‘বইঘর’ এই অভিনব উদ্যোগের সূচনা করল। এর মাধ্যমে মুদ্রিত বই আর ই-বুক যেন পরস্পরের হাত ধরে চলতে শুরু করল পাশাপাশি।
অন্যদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাঙালি পাঠকগোষ্ঠীর কাছে ই-বুক আরও জনপ্রিয় হয়ে ওঠার অবকাশ তৈরি হলো। যে-সকল পাঠক কোনো কারণে নতুন প্রকাশিত ‘শঙ্খচূড়’ দ্বিতীয় খণ্ড বইটির হার্ডকপি সংগ্রহ করতে পারছেন না, ‘বইঘর’ অ্যাপ থেকে বিশ্বের যে-কোনো প্রান্তে অবস্থান করে এর ই-বুক ডাউনলোড করতে পারছেন অনায়াসেই।
‘অন্যপ্রকাশ’ ও ‘বইঘর’ পাঠকবান্ধব এ রকম নানা উদ্যোগ নিয়ে পাঠকের পাশে আছে সব সময়। শুধু সাদাত হোসাইনের নতুন এই বই নয়, আসন্ন অমর একুশে বইমেলা উপলক্ষ্যে অন্যপ্রকাশ কর্তৃক প্রকাশিত সব বই হার্ডকপি ও ই-বুক একইসঙ্গে পাঠকের জন্য উন্মুক্ত হবে। প্রতিটি বইয়ের হার্ডকপির সঙ্গেই থাকছে বিশেষ কিউআর কোড। , শুধু ই-বুকও সংগ্রহ করতে পারবেন পাঠক।
সাদাত হোসাইনের এক্সক্লুসিভ কিছু গল্প, পাশাপাশি ‘অন্যপ্রকাশ’সহ আরও কিছু প্রকাশনা সংস্থার বিভিন্ন বইয়ের ই-বুক সংস্করণ রয়েছে ‘বইঘর’ অ্যাপে। এবারই প্রথম কোনো লেখকের নতুন কোনো বইয়ের হার্ডকপি প্রকাশের সমান্তরালে ই-বুক সংস্করণ প্রকাশ করেছে ‘বইঘর’।