বাবা পেশায় বাসচালক। পাঞ্জাবের ছোট্ট গ্রাম থেকে জীবনের সফর শুরু। স্বভাবতই তার শৈশব কেটেছে আর্থিক অনটনে। তার পর একটু একটু করে লড়াই করে এগিয়েছেন নিজের লক্ষ্যে। আজ তিনি আন্তর্জাতিক তারকা।
কখনও আমেরিকার পপ তারকা সিয়ার সঙ্গে জুটি বেঁধে গান গেয়েছেন। কখনও আবার বিশ্বমানের তারকা টেইলর সুইফ্টের সঙ্গেও তার সম্পর্কের গুঞ্জন ছড়িয়েছে। দেশ-বিদেশের মঞ্চে তার অনুষ্ঠানে ঝড় তোলেন অনুরাগীরা। বলছি পাঞ্জাবি শিল্পী দিলজিৎ দোসাঞ্জের কথা। আজ ৪১ বছর পূর্ণ হল গায়ক তথা এই অভিনেতার।
মাত্র ১৬ বছর বয়স থেকে বিভিন্ন স্থানীয় গুরুদ্বারে গান গাইতে শুরু করেন দিলজিৎ। মাত্র ১৮ বছরে প্রথম উপার্জন তার। এক জন্মদিনের অনুষ্ঠানে গান গেয়ে তিন হাজার টাকা পারিশ্রমিক পেয়েছিলেন দিলজিৎ। ছোট ছোট পদক্ষেপে এগিয়েছেন গায়ক। লক্ষ্যে পৌঁছতে সময় লাগলেও কখনও পিছন ফিরে তাকাননি বা থেমে যাননি। নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন এমনটা।
২০০৪ সালে মুক্তি পায় তার প্রথম অ্যালবাম ‘ইশক উড়া আদা’। কিন্তু খুব একটা সাড়া ফেলেনি। তার পরিচিতি বাড়তে শুরু করে তৃতীয় অ্যালবাম থেকে। ‘স্মাইল’ নামে সেই অ্যালবামের প্রযোজনা করেছিলেন সুখপাল সুখ। এই অ্যালবামেই ছিল দিলজিতের জনপ্রিয় গান ‘নাচ দিয়া অলরান কুয়াইরাঁ’ এবং ‘পগ্গান পোছভিয়ান ওয়ালে’।
গান গাইতে গাইতেই অভিনয়ের জগতে পা রাখেন দিলজিৎ। ২০১১ সালে ‘দ্য লায়ন অফ পাঞ্জাব’ ছবিতে কাজ করেছিলেন তিনি। যদিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সেই ছবি। কিন্তু ছবিতে দিলজিতের একটি গান বিপুল সাড়া ফেলেছিল। ক্রমশ অভিনয় জগতেও স্থায়ী জায়গা করে নেন দিলজিৎ। ‘গুড নিউজ’, ‘উড়তা পঞ্জাব’, ‘অমর সিং চমকিলা’, ‘ক্রু’-র মতো ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়েছে। ‘অমর সিং চমকিলা’ ছবিতে অভিনয় করে ৪ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন তিনি।
বর্তমানে দিলজিৎ আন্তর্জাতিক তারকা। ক্যালিফোর্নিয়ার ‘কোচেলা’ উৎসবে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন তিনি। বিশ্ব মঞ্চে ভারতকে একাধিকবার গর্বিত করেছেন তিনি। এক সময়ে মাত্র তিন হাজার টাকা পারিশ্রমিকে কাজ শুরু করলেও আজ তিনি প্রাইভেট জেটের মালিক। এই পাঞ্জাবি শিল্পী মোট ১৭২ কোটি রুপির মালিক বলে জানা যায়।