ভারতে মাওবাদী হামলায় ৮ পুলিশ নিহত

ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের বোমা হামলায় অন্তত ৮ পুলিশ সদস্য ও এক গাড়িচালক নিহত হয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) রাজ্যের বিজাপুর জেলায় এ ঘটনা ঘটে। খবর রয়টার্স।

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, সোমবার সকালে নিরাপত্তা বাহিনী ছত্তিশগড়ের আবুজমাড় অঞ্চলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালায়। এতে ৫ মাওবাদী নিহত হয় এবং একে-৪৭ ও সেলফ-লোডিং রাইফেলের মতো স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সেই অভিযান থেকেই ফেরার পথে পুলিশ সদস্যরা হামলার শিকার হন।

আবুজমাদ বস্তার অঞ্চলের নারায়ণপুর ও কাঙ্কের জেলার সীমান্তবর্তী একটি বিশাল বনাঞ্চল। এলাকাটি মাওবাদী জঙ্গিদের শক্ত ঘাঁটি বলে পরিচিত।

রয়টার্স জানিয়েছে, রাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর ধারাবাহিক বিক্ষিপ্ত হামলার এটি সর্বশেষ। বিগত মাসগুলোতে বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে ঘন ঘন বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন বিদ্রোহী নিহত হওয়ার পর এ ঘটনা ঘটল।

বস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ সুন্দররাজ পি জানিয়েছেন, আইইডি দিয়ে পুলিশের গাড়িটি উড়িয়ে দেওয়া হয়েছে।

বিদ্রোহীরা প্রয়াত চীনা নেতা মাও সেতুং দ্বারা প্রভাবিত হয়ে গেরিলা স্টাইলের আক্রমণ চালায়, যার ফলে উভয় পক্ষের ধারাবাহিক সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।

মাওবাদীরা বলছে, তারা ভারতের দরিদ্র কৃষক ও ভূমিহীন শ্রমিকদের তাদের ভূমির ওপর অধিকতর নিয়ন্ত্রণ দিতে এবং বর্তমানে প্রধান খনি কোম্পানিগুলো যে খনিজ পদার্থ উত্তোলন করছে তার ওপর অধিকতর দাবি প্রতিষ্ঠার জন্য লড়াই করছে।