ফেনীতে ফুলগাজীর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ফেনীর মহিপালে নাশকতা মামলার এজাহার নামীয় পলাতক আসামি ফুলগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

গ্রেপ্তার নুরুল ইসলাম ফেনীর ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ফুলগাজি থানার সদর ইউনিয়নের ঘনিয়া মোড়া গ্রামের মৃত ননু মিয়ার ছেলে।

র‍্যাব-৭ চট্টগ্রামের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (মিডয়া), অধিনায়ক মেজর মো. সাদমান সাকিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার ফুলগাজী থানায় বিষ্ফোরক আইনের করা মামলার এজাহারনামীয় পলাতক আসামি নুরুল ইসলাম ফেনী ফুলগাজী থানার ঘনিয়ামুড়া চৌমুহনী এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত রাত আনুমানিক পৌনে ৮টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে আসামি নুরুল ইসলামকে (৫৮) গ্রেপ্তার করে।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে আটক আসামিকে জিজ্ঞাসাবাদে তিনি জানান, ফুলগাজী থানার বিস্ফোরক মামলার এজাহারনামীয় পলাতক আসামি এবং ফুলগাজী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মর্মে স্বীকার করেন। 

গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর নিকট গ্রেপ্তার এড়াতে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।পরবর্তীতে আইনি ব্যবস্থা নিতে তাকে ফুলগাজী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, ‘নুরুল ইসলাম গত বছরের ৭ নভেম্বর ফুলগাজী থানায় দায়ের করা ভাঙচুর ও বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামি। রাতে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে ।