বছরে আপনি-আমি কত বেতনে চাকরি করি? বছরে কোটি টাকা? অনেকের কাছেই বছরে কোটি টাকা বেতনের চাকরি স্বপ্নের মতো। তবে এমন একজন রয়েছেন যার বাৎসরিক বেতন ১৭ হাজার ৫০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪ হাজার ৮০০ কোটি)। বৈদ্যুতিক গাড়ি (ইভি)-র ব্যাটারি তৈরির প্রতিষ্ঠান কোয়ান্টামস্কেপের প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও জগদীপ সিং।
জানা গেছে, ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা জগদীপ সিং ২০১০ সালে টিম হোম এবং ফ্রিৎজ্ প্রিনজের সঙ্গে মিলে কোয়ান্টামস্কেপ প্রতিষ্ঠা করেছিলেন। ২০২৪ সালে কোয়ান্টামস্কেপ-এর সিইও পদ ছেড়ে দেন জগদীপ। দায়িত্ব তুলে দেন উত্তরসূরি শিব শিবমকে।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভারতীয় বংশোদ্ভূত জগদীপ এক বছরে আয় করেন ১৭ হাজার ৫০০ কোটি রুপি। আর প্রতিদিন তার বেতনের পরিমাণ ৪৮ কোটি রুপি!
দিল্লির বাসিন্দা জগদীপ মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে স্নাতক সম্পন্ন করেন। তারপর একই বিষয়ে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেন । সেটাও কম্পিউটার সায়েন্সে। এছাড়াও, ইউসি বারকেলির হ্যাস স্কুল অফ বিজনেস থেকে এমবিএ করেন জগদীপ।
২০১০ সালে কোয়ান্টামস্কেপ প্রতিষ্ঠার আগে অভিজ্ঞতা অর্জনের জন্য চাকরি করেন সান মাইক্রোসিস্টেম এবং সিয়েনার মতো সংস্থায়। ‘বিশ্বের সবচেয়ে বেশি’ বেতনের কর্মী হওয়ার পাশাপাশি তিনি সবচেয়ে বেশি বেতন পাওয়া সিইও-ও ছিলেন৷
জগদীপের কোয়ান্টামস্কেপকে বিশ্বের বড় বড় গাড়ি প্রস্তুতকারী সংস্থা আর্থিক সহযোগিতা করেছে। যাদের মধ্যে অন্যতম- ভক্সওয়াগন। এছাড়াও, মার্কিন ধনকুবের বিল গেটসেরও আর্থিক সহায়তা পেয়েছেন জগদীপ সিং।