বাংলাদেশ নারী ক্রিকেট দল ইতিহাস গড়তে চলেছে। প্রথমবারের মতো উইন্ডিজের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাচ্ছে নিগার সুলতানা জ্যোতির দল। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ক্যারিবীয় সফরে অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। তার ডেপুটি থাকছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার জাহানারা আলমের। মানসিক অবসাদের কারণে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন তিনি। তার পরিবর্তে দলে ফিরেছেন লতা মণ্ডল এবং বাঁহাতি পেসার ফারিহা ইসলাম তৃষ্ণা।
আগামী ১৪ জানুয়ারি ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পা রাখবে বাংলাদেশ দল। ১৯ জানুয়ারি সেন্ট কিটসে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। ২১ ও ২৪ জানুয়ারি হবে পরের দুটি ওয়ানডে। এই সিরিজটি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ, যা ২০২৫ সালে ভারতের নারী বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিন ম্যাচে অন্তত দুটি জয় পেতে হবে জ্যোতিদের।
ওয়ানডে সিরিজের পর ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ঐতিহাসিক মাঠে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিষয়টি নিশ্চিত করেছে এক বিবৃতিতে।
বাংলাদেশ স্কোয়াড-
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মোস্তারি, ঝর্ণা আক্তার, লতা মন্ডল, রাবেয়া, ফাহিমা খাতুন, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, ফারজানা হক, তাজ নেহার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার।