আফগানিস্তানে হামলার নিন্দা

প্রতিবেশীদের দোষ দেওয়া ইসলামাবাদের ‘পুরনো অভ্যাস’: ভারত

আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের ওপর পাকিস্তানি বিমান হামলার নিন্দা জানিয়েছে ভারত। অভ্যন্তরীণ ব্যর্থতার জন্য প্রতিবেশীদের দোষারোপ করা ইসলামাবাদের ‘পুরনো রীতি’ বলে মন্তব্য করে ভারত। সোমবার (৬ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ নিন্দা জানান।

এর আগে গত ২৪ ডিসেম্বর আফগানিস্তানের পাকতিকা প্রদেশে পাকিস্তানি বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ৫১ জন নিহত হয়েছে।

এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ‘নারী ও শিশুসহ আফগান বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমরা লক্ষ্য করেছি।’

‘আমরা দ্ব্যর্থহীনভাবে নিরীহ বেসামরিক নাগরিকদের ওপর যেকোনো হামলার নিন্দা জানাই। নিজেদের অভ্যন্তরীণ ব্যর্থতার জন্য প্রতিবেশীদের দোষারোপ করা পাকিস্তানের পুরনো রীতি। এ ব্যাপারে আফগান মুখপাত্রের প্রতিক্রিয়াও আমরা লক্ষ্য করেছি,’ বলেন জয়সওয়াল।