করোনাকালিন 'বহিষ্কার আতঙ্ক' এখনও তাড়া করে জকোভিচকে

তিন বছর আগে অস্ট্রেলিয়ার কড়া কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগে সে দেশে বহিষ্কৃত হয়েছিলেন টেনিস তারকা নোভাক জকোভিচ। এবার মেলবোর্নে ফিরেও সেই ঘটনার 'আতঙ্ক' এখনও পিছু ছাড়েনি বলে স্বীকার করেছেন তিনি।

২০২২ সালে টিকা না নেওয়ার কারণে জকোভিচের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়ার সরকার। পাঁচ দিন একটি অভিবাসন হোটেলে আটক থাকার পর তার আবেদন খারিজ হলে দেশে ফিরে যেতে বাধ্য হন এই সার্বিয়ান তারকা। এতে মিস করেন ওই বছরের অস্ট্রেলিয়ান ওপেন।

পরের বছর কোভিড বিধি শিথিল হলে অস্ট্রেলিয়ায় ফিরে শিরোপা জেতেন জকোভিচ, যা ছিল তার রেকর্ড ১০ম অস্ট্রেলিয়ান ওপেন জয়। বর্তমানে ৩৭ বছর বয়সী এই টেনিস তারকা ২০২৫ সালের টুর্নামেন্টের প্রস্তুতিতে মেলবোর্নে অবস্থান করছেন।

মেলবোর্নের হেরাল্ড সান-কে দেওয়া এক সাক্ষাৎকারে জকোভিচ বলেন, 'অস্ট্রেলিয়ায় নামার পর পাসপোর্ট কন্ট্রোলের সময় এখনও তিন বছর আগের ঘটনার আতঙ্কে থাকি। মনে হয়, কেউ কি আবার এসে আমাকে আটক করবে? আমাকে কি আবার ফেরত পাঠানো হবে? এই অনুভূতি এখনও রয়ে গেছে।'

তবে তিনি আরও জানান, এই ঘটনার জন্য তিনি কারও প্রতি ক্ষোভ পোষণ করেন না। 'ঘটনার পরের বছরই ফিরে এসে জিতেছি। আমার পরিবার আর দলের সবাই সঙ্গে ছিল, যা আমার জীবনের অন্যতম আবেগঘন মুহূর্ত।'

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজে তখনকার সরকারের আচরণের সমালোচনা করেছেন। বিশেষ করে ক্রিসমাসের সময় একটি অর্থোডক্স ধর্মীয় আচার পালনের অনুমতি না দেওয়াকে 'অযৌক্তিক' বলেছেন তিনি।

এদিকে ভিক্টোরিয়ার মোনার্ক জেসিন্তা অ্যালান জানিয়েছেন, তিনি এখনকার টুর্নামেন্ট নিয়েই ভাবতে চান। 'কোভিড আমাদের সবার জন্য কঠিন ছিল। সেটা যে-ই হোক না কেন, সংক্রমণের ক্ষেত্রে ভাইরাস কোনো ভেদাভেদ করেনি।'

এবারের অস্ট্রেলিয়ান ওপেনে ২৫তম গ্র্যান্ড স্লাম জয়ের লক্ষ্য নিয়ে কোর্টে নামবেন জকোভিচ। তিনি কি পারবেন ইতিহাস গড়তে? সেটিই এখন দেখার বিষয়।