পদত্যাগের কথা সন্তানদের একদিন আগেই জানিয়েছেন ট্রুডো

৯ বছর ধরে কানাডার প্রধানমন্ত্রী লিবারেল পার্টির নেতা জাস্টিন ট্রুডো। নিজ দলের ভেতর ক্রমশ কোণঠাসা হয়ে পড়া এই নেতা  অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সোমবার (৬ জানুয়ারি) রাজধানী অটোয়ায় নিজ বাসভবনের বাইরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তিনি।

বিবিসি জানিয়েছে, পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে পরিবারের সঙ্গে কথা বলতে ভোলেননি ট্রুডো। পরিবারের সদস্যদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রুডো মনে করেন তার সফলতার পেছনে পরিবারের ভূমিকা অনস্বীকার্য। গত রাতে নৈশভোজের সময় সন্তানদের কাছে তিনি পদত্যাগের সিদ্ধান্ত জানান।

ট্রুডো মনে করেন তার সফলতার পেছনে পরিবারের ভূমিকা অনস্বীকার্য

২০১৫ সালে লিবারেল পার্টির হয়ে নির্বাচন করে কানাডার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন ট্রুডো। তিনি নারী অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, দায়িত্ব পালনকালে তার অনুশোচনা হলো তিনি যথাযথ নির্বাচনী সংস্কার আনতে ব্যর্থ হয়েছেন।

অবশ্য ২০১৫ সালে দায়িত্ব নেওয়ার পর কানাডা আগের চেয়ে এখন ‘ভালো একটি দেশ’ বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করেন তিনি। 
ট্রুডো বলেন, তার সরকারের অর্থনীতি সবার কথা ভেবেছে। শুধু কয়েকজনের কথা ভেবে কাজ করেনি। তিনি দারিদ্র্য হ্রাস করেছেন এবং অনেক মানুষকে জনশক্তিতে রূপান্তর করেছেন।

ট্রুডো বলেন, তিনি প্রতিদিন সকালে প্রধানমন্ত্রী হিসেবে জেগেছেন। কানাডিয়ানদের উদারতায় অনুপ্রাণিত হয়েছেন। এছাড়া কানাডার নাগরিকসহ মধ্যবিত্তদের শক্তিশালী করতে কাজ করেছেন তিনি। ট্রুডো উল্লেখ করেন, তার দল লিবারেল পার্টি নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি।