৩৪ জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত হামাস

ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি হলে প্রথম পর্যায়ে ৩৪ জন জিম্মিকে মুক্তি দিতে পারে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি এক জ্যেষ্ঠ নেতার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, এই তালিকার নাম থাকা জিম্মিদের মুক্তির কথা জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী গোষ্ঠীটি।

হামাসের হাতে বন্দি কতজন জিম্মি এখনো জীবিত আছেন, তা পরিষ্কার হওয়া যায়নি। তালিকায় যাদের নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে ১০ জন নারী ও ১১ জন বয়স্ক পুরুষ আছেন। তাদের বয়স ৫০ থেকে ৮৫ বছরের মধ্যে। এর পাশাপাশি শিশুদের নামও দেওয়া হয়েছে যারা ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে বলে এর আগে হামাস জানিয়েছিল। হামাস জানিয়েছে, তালিকায় বেশ কয়েকজন অসুস্থ জিম্মির নামও আছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর জানিয়েছে, ইসরায়েলকে জিম্মিদের কোনো তালিকা দেয়নি হামাস। কাতারের রাজধানী দোহায় গত রবিবার থেকে আবারও গাজার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে।