পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে বৃহৎ পরিসরে সঠিকভাবে কাজ করতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডকে (বিআরডিবি) অধিদপ্তরে রূপান্তর করা হবে।’
গতকাল সোমবার রাজধানী ঢাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আয়োজিত দুই দিনব্যাপী উপপরিচালক সম্মেলন ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম প্রধান উদ্দেশ্য হলো বাংলাদেশের গ্রামীণ-প্রান্তিক জনগোষ্ঠীসহ আপামর জনসাধারণের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক মুক্তি। গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে বিআরডিবির ভূমিকা অন্যতম পরিলক্ষিত হয়; এ ক্ষেত্রে বিআরডিবিকে শক্তিশালী করতে অধিদপ্তরে পরিণত করার যথাযথ দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে।’
তিনি বলেন, বিআরডিবির দাপ্তরিক কার্যক্রমে আরও অধিক গতিশীলতা আনয়ন করতে হবে। শূন্য পদগুলো পূরণ এবং পদোন্নতিযোগ্য পদগুলোতে দ্রুত পদোন্নতি প্রদান করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন উপদেষ্টা। চলমান প্রকল্পগুলোর কার্যক্রম দ্রুত বাস্তবায়ন এবং প্রস্তাবিত চারটি প্রকল্প অনুমোদনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। গ্রামীণ মানুষকে ঋণ সহায়তা প্রদান ও অধিক প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তুলতে বিআরডিবির সবার প্রতি নির্দেশনা প্রদান করেন উপদেষ্টা আসিফ মাহমুদ।