কোন প্রেক্ষাপটে ১০ বছরের বেশি সময় আগে দেশ ছেড়েছিলেন তার বর্ণনা দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী আব্দুর রাজ্জাক। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে তাকে দেওয়া সংবর্ধনায় তিনি বলেন, ‘জুডিশিয়ারিকে রক্ষা করতে পারলে অনেকের দেশ ছাড়তে হতো না। অনেককে জেলে যেতে হতো না।’
১১ বছর ইংল্যান্ডে থাকার পর সম্প্রতি দেশে ফেরেন প্রবীণ এ আইনজীবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। এ সময় আরও বক্তব্য দেন অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট এসএম শাহজাহান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি আয়োজন করে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অ্যাসোসিয়েটস।
আইনজীবীদের উদ্দেশে ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেন, ‘আপনারা যদি শক্তিশালী হয়ে থাকেন, আজ হোক কাল হোক দেশ ভালো হতে বাধ্য।’ তিনি বলেন, ‘ব্রিটিশরা আমাদের শাসন-শোষণ করেছে কিন্তু তারাও আইনকে সম্মান করত। কিন্তু একজন রাজনীতিক রাস্তা দিয়ে যাবে আর তাকে উধাও করে দেওয়া হবে। এমন উধাও করে দেওয়া অতীতে ছিল না।’