ইনজুরিতে দলের এমন অবস্থা যে, একাদশ সাজানোই মুশকিল হয়ে যাচ্ছিল। তাই দলের স্বার্থে অবসর ভেঙে ব্যাট হাতে মাঠে নেমে পড়লেন ব্রিসবেন থান্ডারের সহকারী কোচ ড্যান ক্রিশ্চিয়ান। ৪১ বছর বয়সী অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার ১৫ বলে ২৩ রানের একটা ইনিংসও খেলেছেন।
ব্রিসবেন হিটের বিপক্ষে বিগ ব্যাশের ম্যাচটিতে একাদশ সাজানো নিয়ে বিপদে পড়ে ব্রিসবেন থান্ডার। পরিস্থিতি সামলাতে অবসর ভেঙে মাঠে ফেরার সিদ্ধান্ত নেন ৪১ বছরের ক্রিশ্চিয়ান। বছর খানেক আগে পেশাদার ক্রিকেট থেকে তিনি অবসর নিয়েছিলেন। এরপর ১৫ বলে ২ ছক্কায় খেলেন ২৩ রানের কার্যকর ইনিংস। সিডনি থান্ডার শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭৩ রান তোলে।
ক্রিকেটজীবনে টি-টোয়েন্টি বিশেষজ্ঞ হিসাবে পরিচিত ছিলেন ক্রিশ্চিয়ান। ৬টি দেশের লিগে খেলার অভিজ্ঞতা আছে তার। মোট ১৮টি দলের হয়ে খেলেছেন ৪০৯টি ম্যাচ। অস্ট্রেলিয়ার হয়ে ২০টি ওয়ানডে এবং ২৩টি টি-টোয়েন্টিও খেলেছেন তিনি। ২০২১ সালে শেষবার তাকে জাতীয় দলে দেখা গেছে। অবসর নেওয়ার পর তিনি কোচিংয়ে পেশায় যুক্ত হন। তবে এখনও নিজের ফিটনেস নিয়ে তিনি খুবই সচেতন।