অবশেষে কানাডার প্রধানমন্ত্রীত্ব এবং নিজ দল লিবারেল পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। গতকাল সোমবার (৬ জানুয়ারি) এ ঘোষণা দিয়েছেন তিনি। তবে ট্রুডোর পদত্যাগের ঘোষণার পরপরই কানাডা দিয়ে এক বিস্ফোরক দাবি করেছেন নব্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রুডোর পদত্যাগের ঘোষণার কয়েক ঘণ্টা পরেই কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের বানানো ইচ্ছার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে এ ইচ্ছা জানিয়েছেন ট্রাম্প। খবর এনডিটিভির।
পোস্টে ট্রাম্প লিখেন, ‘কানাডার অনেক মানুষ আমাদের ৫১তম অঙ্গরাজ্য হতে পছন্দ করে। কানাডাকে টিকিয়ে রাখার জন্য বিশাল বাণিজ্য ঘাটতি এবং ভর্তুকির চাপ যুক্তরাষ্ট্র ভোগ করবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন এবং পদত্যাগ করেছেন।‘
পোস্টে ট্রাম্প আরও লিখেন, 'যদি কানাডা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হয় তাহলে সেখানে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে। সেইসঙ্গে ক্রমাগতভাবে তাদের ঘিরে থাকা রাশিয়ান এবং চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণরূপে নিরাপদ থাকবে। একত্রে, কি একটি মহান জাতি হবে!'
গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর পরই ট্রাম্প ঘোষণা দেন ক্ষমতা গ্রহণের প্রথম দিনেই তিনি কানাডা থেকে আমদানিকৃত সকল পণ্যের ওপর ২৫ শতাংশ কর আরোপ করবেন। ট্রাম্পের এমন হুঁশিয়ারি বার্তার পর গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে ছুটে আসেন ট্রুডো। দেখা করেন ট্রাম্পের সঙ্গে। সেইসময়ও ট্রাম্প ট্রুডোকেও বলেছিলেন যে, কানাডা যেন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়।
ট্রাম্পের এমন মন্তব্যের পর গত মাসেও জাস্টিন ট্রুডোকে তার দেশে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছিল। তবে ট্রুডোর প্রশাসন জানিয়েছিল, ট্রাম্প মজা করেছেন। তবে ট্রুডোর পদত্যাগের ঘোষণার পর কানাডাকে ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্ত হওয়ার কথা বললেন ট্রাম্প।
এদিকে ট্রাম্পের এ প্রস্তাবের পর কানাডার পক্ষ থেকে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি।