সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশের সাবেক প্রধান কোচ স্টুয়ার্ট লয়ের। সহজ কথায় তিনি এখন বেকার। হাতে কোনো কাজ নেই। তাই একটা কাজ পেতে তিনি লিংকডইনে সবার কাছে আবেদন জানিয়েছেন। যে কোনো কাজ তো আর করা যাবে না, তাই তার লিংকডইন প্রোফাইলে লিখেছেন, ‘স্টুয়ার্ট ল এখন বেকার। তিনি ক্রিকেট কোচ ও সহকারীর ভূমিকায় কাজ করতে চান।’
অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান স্টুয়ার্ট ল ২০১১ সালের জুলাইয়ে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছিলেন। এর ৯ মাস পর ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দায়িত্ব ছেড়ে দেন। তার অধীনে ২০১২ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। কিন্তু মাহমুদউল্লাহর প্রশ্নবিদ্ধ ব্যাটিংয়ে রুদ্ধশ্বাস ফাইনালে টাইগাররা হেরে যায় ২ রানে। সেই হারের দুঃখ এখনও ভুলতে পারেনি দেশের ক্রিকেটাঙ্গন।
স্টুয়ার্ট ল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলেরও প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন। সর্বশেষ তিনি যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের কোচ হয়েছিলেন। কিন্তু টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে ১০ উইকেটে হারের পর স্টুয়ার্ট লকে বরখাস্ত করে যুক্তরাষ্ট্র ক্রিকেট। তার বিরুদ্ধে বৈষম্য, অবিশ্বাস ও পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ এনেছিলেন দলের অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলসহ কয়েকজন ক্রিকেটার।
অস্ট্রেলিয়ার হয়ে ১টি টেস্ট ও ৫৪ ওয়ানডে খেলা স্টুয়ার্ট ল আপাতত বেকার। ১৯৯৬ বিশ্বকাপের ফাইনালে খেলা এই ক্রিকেটার ২০০৯ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন। তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তাতে কাজ পাওয়া বেশ কঠিন। তিনি লিংকডইনে তাই লিখে রেখেছেন, ‘আমি নতুন কাজ খুঁজছি। আপনাদের সমর্থন পেলে খুশি হব। ক্রিকেট কোচের ভূমিকায় কাজ খুঁজছি। যদি কোনো সুযোগ থাকে কিংবা আমাকে প্রয়োজন হয়, অনুগ্রহ করে আমাকে বার্তা পাঠাবেন কিংবা নিচে মন্তব্য করবেন। আমি যোগাযোগ করব।’