নতুন বছরের শুরুতেই আলোচনায় আছেন গায়ক ও অভিনেতা তাহসান খান। আর এর পেছনের কারণ হলো অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে বিচ্ছেদের পর আবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাহসানের বিয়ের আয়োজনের ছবি ভাইরাল হয়। এরপর থেকেই নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছেন।
জানা গেছে, আজ সকালে হানিমুনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তাহসান ও রোজা। সকাল ৮টা ৫৫ মিনিটে দেশের একটি এয়ারলাইনসের উড়োজাহাজে তারা রওনা হন মালদ্বীপের উদ্দেশে। তিন-চার দিন সূর্যময় দ্বীপরাজ্যেই কাটবে তাদের মধুচন্দ্রিমার বিশেষ মুহূর্তগুলো।
প্রসঙ্গত, তাহসানের স্ত্রী রোজা আহমেদ নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সেখানে রোজা’স ব্রাইডাল মেকওভার নামে একটি রূপসজ্জার প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে খ্যাতি অর্জন করেছেন। এছাড়াও মেকআপ শিক্ষিকা হিসেবে তিনি নারীদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং অনেককে উদ্যোক্তা হতে সাহায্য করেছেন।