পরাজিত হতেই যেন বিপিএল খেলছে সুজনের ঢাকা

ক্রিকেটে উত্থান-পতন থাকবে, থাকবে জয়-পরাজয় আর ঘুরে দাঁড়ানোর লড়াই, কিন্তু ঢাকা ক্যাপিটালসের জন্য এসবের কোনো কিছুই যেন কাজ করে না। পরাজিত হতেই যেন তারা বিপিএল খেলতে এসেছে! আজ মঙ্গলবার ঢাকাকে ৭ উইকেটে উড়িয়ে দিয়েছে রংপুর রাইডার্স। চলতি বিপিএলে এই নিয়ে তারা টানা চার ম্যাচ হারল!

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬.৩ ওভারে মাত্র ১১১ রানে অল-আউট হয় ঢাকা। শুরু থেকেই বল হাতে আগুন ঝরান নাহিদ রানা। রংপুরের এই পেসার ২১ রানে তুলে নেন ৩ উইকেট। ঢাকার হয়ে সর্বোচ্চ ২০ রান করেন তানজিদ হাসান তামিম। মিডল অর্ডারে লিটন দাস আবারও ব্যর্থ। ১৩ বলে মাত্র ৯ রান করে নাহিদ রানার বলে ক্যাচ তুলে দেন।

শৃঙ্খলাভঙ্গের সাজা শেষে মাঠে নেমে সাব্বির রহমান ৭ বল করেন মাত্র ২ রান। শেষদিকে মোসাদ্দেক হোসেন ৯ বলে ১২ আর আলাউদ্দিন বাবু  ১৬ বলে ১৬ রান না করলে হয়তো ঢাকার স্কোর তিন অংকেই যেতে পারত না! ছয় ব্যাটার যেতে পারেননি দুই অংকে। রংপুরের হয়ে নাহিদের পাশাপাশি দুটি করে উইকেট নেন আকিব জাভে আর খুশদিল শাহ। শেখ মেহেদি, ইফতেখার আহমেদ আর কামরুল ইসলামও একটি করে উইকেট নেন।

রান তাড়ায় নেমে রংপুর রাইডার্স ১৭ রানে প্রথম উইকেট হারালেও সমস্যায় পড়েনি। ২৭ বলে ৪ বাউন্ডারি আর ৩ ওভার বাউন্ডারিতে ৪৪ রানের ইনিংস খেলা অ্যালেক্স হেলস দলের স্কোর এগিয়ে নিয়ে যান। এমন ম্যাচেও সাইফউদ্দিন ১৫ বলে করেন ১৩ রান। ইফতেখার আহমেদ (৯*) আর খুশদিল শাহই (২৭*) রংপুরকে মাত্র ১৩.২ ওভারে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৭ উইকেটের বিশাল জয় তুলে নেয় রংপুর।