কর্ণফুলীতে চোর চক্রের সদস্য গ্রেপ্তার, ৩৮ মোবাইল উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলীতে ৩৮ টি চোরাই মোবাইলসহ চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সোমবার (৬ জানুয়ারি) রাতে উপজেলার শিকলবাহা জামালপাড়া ও পুরাতন ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর-দক্ষিণ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

গ্রেপ্তার ইমাম হোসেন আতিক (২৬) উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রমজান আলী শাহ্ মাজার এলাকার নুর হোসেনের ছেলে।

ডিবি পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে কর্ণফুলী উপজেলার জামালপাড়া ও ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে ইমাম হোসেন আতিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৮টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি মোবাইল ফোন ছিনতাই চক্রের সদস্য। এই চক্রের সদস্যরা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় মোবাইল ফোন ছিনতাই ও কেনাবেচার সঙ্গে জড়িত।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ বলেন, মোবাইল চোর চক্রের একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ ঘটনায় একটি মামলা হয়েছে।