বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ও সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. মনির হোসেন ওরফে মোবাইল মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সাভারের অভিজাত শপিংমল সাভার সিটি সেন্টার শপিংমল থেকে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত মনির হোসেন ওরফে মোবাইল মনির সাভার সদর ইউনিয়নের স্থায়ী বাসিন্দা ও সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন। তার বিরুদ্ধে ছাত্র হত্যার ৫টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে ছাত্র-জনতার ওপর হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক ছাত্র-জনতা নিহত হন। পরবর্তীতে নিহতদের স্বজন হত্যা ও হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এমন ৫টি মামলার এজহারভুক্ত আসামি মনির হোসেন ওরফে মোবাইল মনির। গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে সাভার সিটি সেন্টার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, বিকেলে মোবাইল মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরুদ্ধে আন্দোলনের সময় ছাত্র-জনতা হত্যার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সকালে রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে।