ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীরা উবার ব্যবহারে ৫০ শতাংশ ছাড় পাবেন। এই লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি)-এর সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে উবার। এই সমঝোতার অংশ হিসেবে উবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫-এর অফিসিয়াল মোবিলিটি পার্টনার হয়েছে।
মঙ্গলবার এই দ্বিপাক্ষিক চুক্তিটি বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং ইপিবির ভাইস-চেয়ারম্যান ও সিইও মো. আনোয়ার হোসেন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
উবার এই চুক্তির আওতায় দর্শনার্থীদের নিরাপদ ও আরামদায়কভাবে মেলা পরিদর্শনে উৎসাহিত করতে বিশেষ প্রোমো কোড সরবরাহ করবে। এছাড়াও, এই উদ্যোগকে সফল করতে বিশেষ পার্কিং সুবিধাও দেওয়া হবে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ উপলক্ষ্যে উবারের এই উদ্যোগ দর্শনার্থীদের বাণিজ্যমেলায় যাতায়াতকে আরও সহজ ও আরামদায়ক করবে।
উবার বাংলাদেশের কান্ট্রি হেড নাশিদ ফেরদৌস কামাল এই সমঝোতা স্মারক সম্পর্কে বলেন, উবার বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সাথে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫-এর অংশীদার হতে পেরে সম্মানিত বোধ করছে। আমরা নানান উদ্ভাবনী প্রচেষ্টার মাধ্যমে ব্যবহারকারীদের নিরাপদ, নির্ভরযোগ্য ও সুবিধাজনক পরিবহন সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।
দর্শনার্থীরা উবার ব্র্যান্ডেড বুথ বা উবারের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে বিশেষ প্রোমোকোড সংগ্রহ করতে পারবেন।