রাজশাহী মহানগর

শিবিরের সভাপতি শামীম, সেক্রেটারি ইমরান

ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার ২০২৫ সালের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শামীম উদ্দীন। সেক্রেটারি হয়েছেন ইমরান নাজির।

গতকাল মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর একটি মিলনায়তনে মহানগর শাখার সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত করা হয়। এ সময় দলটির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

এর আগে ২০২৫ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মোহা. শামীম উদ্দীনকে সভাপতি হিসেবে নাম ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।  পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোহা. শামীম উদ্দিন শাখা সেক্রেটারি হিসেবে ইমরান নাজিরকে মনোনীত করে নাম ঘোষণা করেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যাপক মাহবুবুল আহসান বুলবুল, চাঁপাইনবাবগঞ্জ জামায়াতের আমির মাওলানা আবু জার গিফারী, রাজশাহী জামায়াতের সেক্রেটারি গোলাম মর্তুজা, ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক সাদেক আবদুল্লাহ, তথ্যপ্রযুক্তি সম্পাদক ইফতেখার মুয়াজ, কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক সিদ্দিক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।