দুদক কর্মকর্তা পরিচয় দেওয়া তিনজন রিমান্ডে

ভুয়া তিন দুদক কর্মকর্তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা তাদের জামিনের আবেদন নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কমকর্তা রাজধানীর পল্টন থানার পরিদর্শক সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

দুদক কর্মকর্তা পরিচয়ে সংস্থার প্রধান কার্যালয়ের সামনে ফেসবুকে লাইভ করতে এসে ধরা পড়েন তিনজন। তারা হলেন মো. রায়হান ওরফে সৈয়দ রায়হান, সোলায়মান মুফতি ও রফিকুল ইসলাম সম্রাট।

মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা নিজেদের দুদক কর্মকর্তা পরিচয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরে ‘দুর্নীতিবিরোধী’ অভিযান পরিচালনা, জরিমানা ধার্য ও আদায়ের নামে ‘চাঁদাবাজি’ করে আসছিলেন। রাজধানীর পল্টন থানায় প্রতারণার অভিযোগে দুদকের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে ১৪ জনকে আসামি করে এ মামলাটি করেন।

মামলায় পটুয়াখালীর সোলাইমান মুফতি, সিয়াম মাহমুদ মোবারক, হবিগঞ্জের রনি আহেমদ পায়েলসহ অজ্ঞাত পরিচয়ের আরও আটজনকে আসামি করা হয়েছে।