জুলাই অভ্যুত্থানে পরিচালিত হত্যাকা- ও গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে বলে গতকাল মঙ্গলবার জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছর ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘রাজনৈতিক দল যদি মনে করে, অন্তর্বর্তী সরকারের কিছু সংস্কার করে যাওয়া উচিত তাহলে ভোটের জন্য সরকার আরও ছয় মাস সময় নেবে।’
গতকাল মঙ্গলবার ঢাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) আয়োজিত ‘রাজনীতির অভিমুখ : সংস্কার ও নির্বাচন’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, ‘অন্তর্র্বর্তী সরকার একটি রোডম্যাপ দিয়েছে। সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি আকাক্সক্ষা তৈরি করতে পেরেছি। দুটি সময় বেঁধে দিয়েছি। যদি রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চায় তাহলে চলতি বছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন করব। সংস্কার বেশি চাইলে আরও ছয় মাস বেশি সময় দিতে হবে।’
শফিকুল আলম বলেন, “বাংলাদেশে একটা সত্যিকারের ‘ডিবেট-ডায়লগ’ হওয়া দরকার। আমাদের আগামী ১০০-২০০ বছরের রাজনৈতিক বন্দোবস্তটা কী হবে, আমরা কী সংবিধান চাই, সেখানে কী সংস্কার চাই, রাজনৈতিক দর্শন কী আনতে চাই? তরুণ প্রজন্ম কী সরকার চায়, নির্বাচন ব্যবস্থাটা কীভাবে করব? পুলিশ ব্যবস্থাটা কীভাবে করব? পুলিশ কতটুকু স্বাধীনতা পাবে, বিচারব্যবস্থা কতটুকু স্বাধীনতা পাবে প্রভৃতি।”
তিনি বলেন, “আমাদের ফাউন্ডেশন ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট, সেটা ধ্বংস হয়ে গেল। গত ১৫ বছরে হাসিনা একটা ‘শেখ রাজতন্ত্র’ করলেন। ভয়াবহ একটা রাজতন্ত্র, কারও কথা বলার অধিকার নেই, ইকোনমিতে যে যার মতো লুটপাট করছে, বাংলাদেশ জুড়ে চার-পাঁচ হাজার ম্যুরাল করে ফেললেন। তার ও তার বাবার বড় ম্যুরাল তৈরিতে খরচ ১১৭ কোটি টাকা। আপনি কি এটা কল্পনা করতে পারেন? সাইফুজ্জামান চৌধুরী তার নিজের কারণে কর্ণফুলীর নিচ দিয়ে টানেল নিয়ে গেলেন, ১২ হাজার কোটি টাকা খরচ করে।”
প্রেস সচিব বলেন, ‘লুটপাট-দুর্নীতি ও জুলাই-আগস্টে গণহত্যায় জড়িতদের রাজনীতি করার কোনো অধিকার নেই। মাইনাস টু ফর্মুলা নিয়ে সরকার ভাবছে না। সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা করছি।’
অন্তর্র্বর্তী সরকার পাঁচ মাসে ‘অসাধারণ সাফল্য’ এনেছে বলে মন্তব্য করেন শফিকুল আলম। আইনশৃঙ্খলা ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের বর্ণনা দিয়ে তিনি বলেন, “আমরা গত পাঁচ মাসে যেটা ‘অ্যাচিভ’ করেছি সেটা অসাধারণ। পাঁচ মাসে যে পরিস্থিতিতে আমরা শুরু করেছি ভঙ্গুর অর্থনীতি, একটা বিপর্যস্ত সমাজব্যবস্থা, ১৫ বছরের একটা রাজতন্ত্র থেকে রিপাবলিকে ফিরে আসা ও তা বাস্তবায়ন করা। যে কাজগুলো আমরা করেছি সেটা ‘আন্ডার অ্যাপ্রিশিয়েটেড’ আছে। আমার মনে হয়, এর মূল্যায়ন আমরা পড়ে পাব। অনেক বছর পরে গিয়ে হয়তো অনেকে বলবে।”
আওয়ামী লীগ সরকারের টানা দেড় দশকের শাসন ও তাদের পতনের পরিস্থিতিকে ‘নিশ্চিত দুর্ঘটনার মুখে থাকা’ উড়োজাহাজের সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘সেই মুহূর্তে মুহাম্মদ ইউনূস দায়িত্ব নিলেন। প্যারিস থেকে তাকে ডেকে আনা হলো। ওই পরিস্থিতি থেকে তিনি দেশকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখানে জিনিসপত্রের দাম কমেছে, সমস্যা বা জটিলতা কেটে গেছে, সহিংসতা দূর হয়ে গেছে।’
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে গত বছরের একই সময়ের স্বাভাবিক পরিস্থিতির সঙ্গে তুলনা করেন শফিকুল আলম। তিনি বলেন, ‘আমরা দেশকে অনেক স্থিতিশীলতার মধ্যে নিয়ে আসতে পেরেছি। অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল সে হিসেবে রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার কিন্তু বর্তমানে তা আছে ২২ বিলিয়ন ডলারে। সে হিসেবে বলতে পারি আমরা ঘুরে দাঁড়িয়েছি।’
প্রেস সচিব বলেন, ‘আওয়ামী সরকারের পতন এবং অন্তর্র্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষের মধ্যে আকাশচুম্বী আকাক্সক্ষা তৈরি হয়েছে। আমরা তাদের আকাক্সক্ষা পূরণে কাজ চালিয়ে যাচ্ছি। প্রেস উইং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছে। সে গ্রুপে যারাই যুক্ত হতে আগ্রহী তাদেরই যুক্ত করা হচ্ছে। সরকারের প্রতিটি কাজের তথ্য জনগণকে জানানো হচ্ছে।
শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল : গতকাল সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে পরিচালিত হত্যাকাণ্ড ও গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।
বাতিল হওয়া পাসপোর্টের মধ্যে গুমের ঘটনায় ২২ এবং জুলাই হত্যাকাণ্ডে ৭৫ জনের জড়িত থাকার অভিযোগ আছে। তাদের মধ্যে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রয়েছেন বলে তিনি জানান।
উপ-প্রেস সচিব বলেন, ‘ই-পাসপোর্ট প্রস্তুত হলে এখন থেকে প্রবাসী বাংলাদেশিরাও মোবাইলে এসএমএস পাবেন। আগামীকাল (আজ) থেকে এ সেবা চালু হবে। প্রবাসীদের ভোগান্তি কমাতে এ উদ্যোগ সহায়তা করবে বলে আশা করছে সরকার।’
দাপ্তরিক জটিলতার কারণে আবেদনকৃত প্রায় ১ লাখ ৯৭ হাজার মেশিন রিডেবল পাসপোর্ট পেন্ডিং ছিল। গত তিন সপ্তাহে ১ লাখ ৮২ হাজার ৭৪৫টি পাসপোর্ট প্রিন্ট হয়ে গেছে। বিভিন্ন দূতাবাসে পৌঁছানো হয়েছে, যেগুলো খুব দ্রুতই বিতরণ শুরু হবে।
তিনি বলেন, ‘পাসপোর্ট অফিসগুলো দালালমুক্ত করার বিষয়ে সরকার আন্তরিকভাবে কাজ করছে। অফিসের পাশে কিছু দোকানকে ঘিরে দালালচক্র গড়ে ওঠে। এখন থেকে এজেন্ট নিয়োগের মাধ্যমে পাসপোর্ট আবেদনের ব্যবস্থা করা হবে।’
এ বছর শিক্ষার্থীদের হাতে সময়মতো বই না পৌঁছানোর কারণে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আগে ভারত থেকে বই ছাপানো হতো। কিন্তু এবার দেশের স্বার্থে দেশের ভেতর থেকেই বই ছাপানো হচ্ছে। একটি চক্র বই ছাপানোর কাজে অসহযোগিতা করেছে। সেজন্যই বই দিতে দেরি হয়েছে।’
উপ-প্রেস সচিব বলেন, সোমবার পর্যন্ত ৪০ কোটি ১৫ লাখ ৪৭ হাজার পাঠ্যবইয়ের মধ্যে ১ লাখ ৪৪ হাজার ১৬টি বই বিতরণ করা হয়েছে। বাকি বই এ মাসের মধ্যেই বিতরণ করা হবে।
ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘নির্বাচনের সময় নির্ভর করছে আমাদের অংশীজনদের চাওয়ার ওপর। আমাদের সঙ্গে সংলাপে তারা তাদের ইচ্ছা প্রকাশ করবেন, কতটুকু সংস্কার তারা চান।’ তিনি বলেন, ‘সংস্কার একটা দেশের জন্য চলমান প্রক্রিয়া। কিন্তু অন্তর্র্বর্তী সরকারের কাছে মানুষের আশা অনেক। জুলাই অভ্যুত্থানের একটা মূল আকাক্সক্ষা ছিল রাষ্ট্র সংস্কার। রাষ্ট্র সংস্কারের জন্য এসব সংস্কার কমিশন করা হয়েছে। জনগণ মনে করে যদি অন্তর্র্বর্তী সরকার থাকে, তাহলে অনেক সংস্কার করা সম্ভব হবে। সংস্কার প্রয়োজন একটি সুন্দর নির্বাচনের জন্য। সুষ্ঠু নির্বাচনের জন্য অংশীজনদের সঙ্গে প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশনগুলো আলোচনা করবে। আলোচনার ওপরই সিদ্ধান্ত নেওয়া হবে।’
রাষ্ট্রের বিভিন্ন খাত সংস্কারে গঠিত ছয় কমিশনের মধ্যে পাঁচটি কমিশন ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।