কাজে যোগ না দেওয়া  চিকিৎসকদের তথ্য চায় অধিদপ্তর

বিভিন্ন সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বদলি ও পদায়নের আদেশ দেওয়ার পরও যোগদান না করা কর্মকর্তা-কর্মচারীদের তথ্য চেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে যোগদান না করে বদলি পুনর্বিবেচনার আবেদন করা কর্মকর্তাদের মুভ আউটের (আগের কর্মস্থল থেকে ছাড়পত্র নেওয়া) নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এখন পর্যন্ত যেসব কর্মকর্তা-কর্মচারী বদলিকৃত স্থানে যোগ দেননি, তাদের বিরুদ্ধে প্রশাসনিক ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে সেই কর্মকর্তাদের নাম পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।