সাবেক আওয়ামী সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের তিনটি ব্যাংক হিসাব ফ্রিজ (অবরুদ্ধ) করার এবং পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাতসহ তার পরিবারের ১৮টি ফ্ল্যাট, জমিসহ বাড়ি ও প্লট ক্রোকের আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক মোহাম্মদ নুরুল হুদা শরীফ আহমেদের বিরুদ্ধে এ আবেদন করেন। তার আবেদনে বলেন, শরীফ আহমেদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎপূর্বক নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছে, যা অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে তার নিজ নামে এবং পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। শরীফ আহমেদের নামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি করপোরেট শাখার দুই হিসাবে ১ কোটি করে ২ কোটি এবং সোনালী ব্যাংকের জাতীয় সংসদ ভবন শাখায় ১ কোটি ৪৪ লাখ ১৯ হাজার ৮৭০ টাকা আছে। পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সারাফাত, তার স্ত্রী আঞ্জুমান আরা শহিদ ও ছেলে চৌধুরী রাহিব সাফওয়ান সারাফাতের নামে রাজধানীর বিভিন্ন জায়গায় থাকা ১৮টি ফ্ল্যাট, এ ছাড়া নাফিজ সারাফাত ও আঞ্জুমান আরা শহিদের নামে থাকা জমিসহ বাড়ি ও প্লট ক্রোকের আবেদন করেন কমিশনের উপপরিচালক মাসুদুর রহমান। নাফিজ সারাফাতের যেসব সম্পদ ক্রোকের আদেশ দেওয়া হয়েছে, সেসবের মধ্যে আছে, রাজধানীর গুলশানে ২০-তলা বাড়ি, গুলশানের একটি ফ্ল্যাট, ঢাকা ক্যান্টনমেন্ট বাজারে চারটি ফ্ল্যাট, নিকুঞ্জ উত্তর আবাসিক এলাকায় একটি ফ্ল্যাট, নিকুঞ্জে দুটি প্লট, বাড্ডার কাঠালদিয়ায় আড়াই কাঠার প্লট, গাজীপুরের কালিয়াকৈরে ১০ কাঠা করে ২০ কাঠা জমি, গাজীপুর সদরে ৮ দশমিক ২৫ শতাংশ জমি, নিকুঞ্জের জোয়ার সাহারায় ৪ দশমিক ৯৫ শতাংশ জমি এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে সাড়ে ৭ কাঠার প্লট। আঞ্জুমান আরা শহিদের নামে থাকা একটি আবাসিক এলাকায় সাড়ে ৭ কাঠা জমির ওপর চারতলা বাড়ি, পান্থপথে একটি ফ্ল্যাট, গুলশান লিংক রোডে একটি ফ্ল্যাট, মিরপুর ডিওএইচএসে একটি ফ্ল্যাট, শাহজাদপুরে একটি ফ্ল্যাটের ৫০ শতাংশ, নিকুঞ্জে তিন কাঠা জমি, বাড্ডার কাঠালদিয়া আড়াই কাঠা নাল জমি ও গাজীপুর সদরে ৮ দশমিক ২৫ শতাংশ চালা জমি এবং রাহিব সাফওয়ান সারাফাতের নামে বনানীতে থাকা তিনটি ও বারিধারায় থাকা চারটি ফ্ল্যাট।