রাজধানীর হাজারীবাগে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ সাতজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনীর একটি টিম। তারা হলেন মো. সাগর ওরফে বুলেট (২০), মো. রবিউল সানি (২০), মো. বাপ্পী (২৫), জীবন ওরফে হুদয় (২১), মো. আকাশ ওরফে রানা (২৮), মো. ইমন হোসেন (২২) ও মো. মারুফ (২৮)। গত সোমবার রাত ১১টা ৫০ মিনিটে হাজারীবাগ থানার সেকশন বেড়িবাঁধসংলগ্ন এলাকায় হাজারীবাগ থানা পুলিশ ও সেনাবাহিনীর যৌথ দল অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের হেফাজত থেকে দুটি ধারালো ছুরি, দুটি ধারালো সুইচ গিয়ার, দুটি দা ও একটি হাতুড়ি উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া শাখা থেকে এ তথ্য জানানো হয়। ডিএমপি জানায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় হাজারীবাগ থানার সেকশন বেড়িবাঁধসংলগ্ন শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্কুল অ্যান্ড কলেজের সামনে একটি ফাঁকা জায়গায় কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করলে পালানোর সময় সাতজনকে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। এ সময় অজ্ঞাতনামা চার-পাঁচজন ডাকাত দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় হাজারীবাগ থানায় গ্রেপ্তারকৃত সাতজনসহ অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দল ও ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে হাজারীবাগ, মোহাম্মদপুর এলাকাসহ ঢাকা শহরের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তারা ঘটনার দিন হাজারীবাগ থানার সেকশন বেড়িবাঁধসংলগ্ন এলাকায় সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল। গ্রেপ্তার সাগর ওরফে বুলেট, রবিউল সানি, বাপ্পী ও আকাশ ওরফে রানার বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক, হত্যা চেষ্টা, মারামারিসহ একাধিক মামলা রয়েছে।