শাস্তিটা অনুমিতই ছিল। লা লিগার ম্যাচে গত শুক্রবার ভ্যালেন্সিয়া গোলকিপার স্তোল দিমিত্রিয়েভস্কির মাথায় আঘাত করায় তাকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। অপরাধের তুলনায় সাজা কম হয়েছে বলেই মনে করছেন অনেকে। এ ধরণের অপরাধের ক্ষেত্রে অন্তত ৪ ম্যাচ নিষিদ্ধ করার বিধান আছে।
রিয়াল মাদ্রিদের ২-১ গোলের জয় পাওয়া ম্যাচটির ৭৯তম মিনিটের ঘটনা। ভ্যালেন্সিয়া গোলরক্ষকের স্লেজিং সইতে না পেরে তার ঘাড়ে আঘাত করে লাল কার্ড দেখেন ভিনিসিউস জুনিয়র। রেফারি কার্ড দেখানোর সময় ভিনি ফের তেড়ে যাচ্ছিলেন, তখন সতীর্থরা তাকে সেখান থেকে সরিয়ে নেন। আরএফইএফ ডিসিপ্লিনারি কোডের ১০৩ নম্বর ধারায় দোষী সাব্যস্ত হলে তিনি ৪ ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বলে ধারণা করা হয়েছিল।
নিষেধাজ্ঞার কারণে লাস পালমাস ও রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে রিয়ালের পরবর্তী দুটি লিগ ম্যাচে খেলতে পারবেন না ব্রাজিল সুপারস্টার ভিনিসিয়ুস। তবে অন্য প্রতিযোগিতায় তিনি খেলতে পারবেন। বৃহস্পতিবার রাতে সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে মায়োর্কার বিপক্ষে খেলতে তার কোনো বাধা নেই।