গত নভেম্বরে নির্বাচনে জয় লাভের পর থেকেই বার বার কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য’ করার ইচ্ছা জানিয়ে আসছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ দেখিয়ে মানচিত্র শেয়ার করেছেন ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) শেয়ার করা এই মানচিত্রে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়েছে। এর মাধ্যমে ট্রাম্প পুনরায় কানাডাকে তার দেশের ‘৫১তম অঙ্গরাজ্য’ করার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন।
এর আগে গত সোমবারও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পদত্যাগের ঘোষণা দেওয়ার পর পরই একই কথা জানিয়েছিলেন ট্রাম্প।
ট্রুথ সোশ্যালে তিনি লিখেছিলেন, ‘অনেক কানাডীয় নাগরিক (যুক্তরাষ্ট্রের) ৫১তম অঙ্গরাজ্য হতে পছন্দ করেন। যুক্তরাষ্ট্র আর কানাডার বিশাল বাণিজ্য ঘাটতি এবং তাদের টিকে থাকার জন্য প্রয়োজনীয় ভর্তুকি সহ্য করবে না। জাস্টিন ট্রুডো এটা জানতেন, তাই তিনি পদত্যাগ করেছেন।‘
তবে ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হবে না জানিয়ে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র এবং কানাডা একে অপরকে সবচেয়ে বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী। এতে দুই দেশের কর্মী ও সমাজ উপকৃত হচ্ছে। কিন্তু আমরা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হব না।”
খুদে ব্লগ লেখার সাইট এক্সে দেওয়া এক পোস্টে ট্রুডো লিখেছেন, ‘কানাডাকে যুক্তরাষ্ট্রের কোনো অংশে পরিণত করার সুযোগই নেই। আমাদের দুই দেশের শ্রমিক ও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষেরা একে অপরের বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী হিসেবে লাভবান হচ্ছেন।’
নিজ দল লিবারেল পার্টির জনপ্রিয়তা কমে যাওয়ায় দলীয় আইনপ্রণেতাদের চাপের মুখে ৬ জানুয়ারি কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ট্রুডো। দলীয় নতুন নেতা নির্বাচন না করা পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী পদে বহাল থাকবেন।
সূত্র: টাইমস অফ ইন্ডিয়া ও রয়টার্স।