বগুড়ায় সাবেক প্যানেল মেয়র গ্রেপ্তার

বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ শেখকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।  বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টায় অভিযান চালিয়ে শহরের সূত্রাপুর ঈদগাহ মাঠ এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বুধবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈন উদ্দীন।

গ্রেপ্তার আলহাজ শেখ শহরের সূত্রাপুর এলাকার মৃত মুনসুর আলীর ছেলে। সর্বশেষ বগুড়া পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর হয়ে প্যানেল মেয়র-২ দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান জেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি।

জানা গেছে, যুবলীগ নেতা আলহাজ শেখের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি জুলাই বিপ্লবে আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন। আলহাজ শেখ তার নিজ বাড়িতেই আত্মগোপনে আছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার তিন ঘণ্টার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈন উদ্দিন জানান, সোমবার দিবাগত রাতে যুবলীগ নেতা আলহাজ শেখকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদালতের পাঠানো হয়েছে। তার নামে হত্যা, বিস্ফোরক, অস্ত্র ও চাঁদাবাজি সহ ২০টি মামলা রয়েছে।