ঘুষ দেননি আবেদনকারী। সেই রাগে মৃত স্ত্রীর পরিবর্তে আবেদনকারী স্বামীর মৃত্যু সনদপত্র বানিয়ে দিলেন পঞ্চায়েত কর্মকর্তা! ভারতের উত্তরপ্রদেশের হারদোই জেলায় এ ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশে বিষয়টি নিয়ে শুরু হয়েছে তদন্ত।
ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, গত ১৯ ডিসেম্বর মৃত্যু হয় কোথাওয়ান উন্নয়ন ব্লকের বাসিন্দা বিশ্বনাথের স্ত্রী শান্তি দেবীর। কিন্তু স্ত্রীর মৃত্যু সনদপত্র বানাতে পঞ্চায়েত অফিসে যেতেই বিপত্তি বাঁধে। বিশ্বনাথ অভিযোগ করেন, সনদপত্র বানানোর জন্য বিশ্বনাথের কাছে দুই হাজার টাকা ঘুষ চান গ্রাম পঞ্চায়েত অফিসার সরিতা দেবী। টাকা দিতে না পারায় বেশ কয়েক দিন ঘুরতে হয় বিশ্বনাথকে।
অনেক তালবাহানার পর শেষমেশ ৩১ ডিসেম্বর তার আবেদন জমা নেওয়া হয়। এর পর চলতি গত ৩ জানুয়ারি বিশ্বনাথের নামেই একটি মৃত্যুর সনদপত্র বানিয়ে তার হাতে ধরিয়ে দেন পঞ্চায়েতের কর্মকর্তা!
নিজের মৃত্যুর সনদপত্র হাতে পেয়ে অবাক হয়ে যান বিশ্বনাথ। এর পরেই জেলা প্রশাসকের দ্বারস্থ হন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।