চ্যাটজিপিটির নির্মাতার বিরুদ্ধে বোনের ধর্ষণ মামলা

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা ওপেনএআই-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা স্যাম আল্টম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন তার বোন অ্যান অল্টম্যান। স্যাম অল্টম্যান ১৯৯৭ থেকে ২০০৬ সালের মধ্যে নিয়মিতভাবে তার ওপর যৌন নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ করেছেন তিনি।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ইস্টার্ন ডিস্ট্রিক্টের একটি আদালতে গত ৬ জানুয়ারি মামলাটি দায়ের করা হয়। অভিযোগে অ্যান অল্টম্যান বলেছেন, তার তিন বছর বয়সে যৌন নির্যাতন শুরু হয়। ওই সময় স্যাম অল্টম্যানের বয়স ছিল ১২ বছর।

স্যাম অল্টম্যান এই অভিযোগ অস্বীকার করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের দুই ভাই ও মায়ের সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে বলেছেন, ‘এসব অভিযোগ একেবারে অসত্য। মানসিক স্বাস্থ্য চ্যালেঞ্জের মুখোমুখি পরিবারের একজন সদস্যের যত্ন নেওয়াটা অবিশ্বাস্য রকমের কঠিন।’

স্যাম অল্টম্যান বলেছেন, তার বোনকে মাসিক আর্থিক সহায়তার পাশাপাশি তার সব ধরনের বিল ও ভাড়াও পরিশোধ করেন তিনি। তাকে একটি বাড়ি কিনে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু তা সত্ত্বেও তিনি আমাদের কাছ থেকে আরও অর্থ দাবি করছেন।

কয়েক বছর ধরে স্যাম অল্টম্যান ধর্ষণ, যৌন নিপীড়ন, শ্লীলতাহানি ও যৌন হয়রানি করেছেন বলে দাবি করেছেন অ্যান অল্টম্যান। ভাইয়ের কাছে যৌন নির্যাতনের শিকার হওয়ায় তার শরীরে বড় ধরনের জখম তৈরি, গুরুতর মানসিক যন্ত্রণা এবং বিষণ্নতায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি।

চ্যাটজিপিটির প্রধান নির্বাহী বলেছেন, বছরের পর বছর ধরে আমরা অ্যানকে সহায়তার ও তার স্থিতিশীলতার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করেছি। এই পরিস্থিতি আমাদের পুরো পরিবারের জন্য অপরিসীম যন্ত্রণা তৈরি করেছে। 

এর আগেও, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্যাম অল্টম্যানের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ তুলেছিলেন অ্যান অল্টম্যান।

স্যাম অল্টম্যান ২০২৪ সালে তার সঙ্গী অলিভার মুলহেরিনকে বিয়ে করেছেন। ২০২২ সালে ওপেনএআই চ্যাটজিপিটি চালু করার পর এটি বিশ্বব্যাপী ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।