দক্ষিণ আফ্রিকা টোয়েন্টি টুর্নামেন্টের কমিশনার গ্রায়েম স্মিথ জানিয়েছেন, স্থানীয় খেলোয়াড়দের অংশগ্রহণ ছাড়া গড়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলো ক্রিকেটের জন্য ক্ষতিকর।
এসএ২০-এর তৃতীয় আসরের আগে ক্যাপটাউন প্রেস কনফারেন্সে স্মিথ বলেন, 'ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির মতো লিগগুলো খেলাটির জন্য ভালো নয়। এতে আন্তর্জাতিক খেলোয়াড়ের আধিক্য থাকায় স্থানীয় ক্রিকেটে বিনিয়োগ কম হয়। এটি বিশ্ব ক্রিকেটের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।'
এসএ২০ প্রতি দলে ১৯ জন খেলোয়াড়ের মধ্যে অন্তত ১১ জনকে দক্ষিণ আফ্রিকার হতে হয়, যেখানে আইএলটি২০-এ একাদশে ৯ জন পর্যন্ত আন্তর্জাতিক খেলোয়াড় থাকার সুযোগ রয়েছে। স্মিথের মতে, এসএ২০-এর মূল লক্ষ্য দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের উন্নতি এবং নতুন প্রতিভা তুলে আনা।
স্মিথ বলেন, 'আমাদের মূল লক্ষ্য স্থানীয় প্রতিভার উন্নয়ন নিশ্চিত করা। এসএ২০ এখন আইপিএলের বাইরে অন্যতম সেরা লিগ হিসেবে পরিচিত।'
গত মৌসুমে ১০টি ম্যাচ হাউসফুল হওয়ার পর এসএ২৯ দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে। অন্যদিকে আইএলটি-২০ দর্শকসংখ্যায় ৩০০% বৃদ্ধির দাবি করলেও স্থানীয় প্রতিভার বিকাশে এসএ২০ এগিয়ে আছে বলে দাবি স্মিথের। এসএ২০ ইতোমধ্যে ৫০০টিরও বেশি স্কুলকে অন্তর্ভুক্ত করে বালক ও বালিকাদের জন্য স্কুল লিগ চালু করেছে।
স্মিথ বলেন, 'আমাদের ফ্র্যাঞ্চাইজিগুলো স্থানীয় পর্যায়ে অ্যাকাডেমি ও স্কাউটিংয়ের কাজ করছে। আশা করছি, আগামী দুই-তিন বছরে এসএ২০-এর প্রভাব আরও সুস্পষ্ট হবে।'