জনবল নিয়োগে দুর্নীতির অভিযোগে ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে এ মামলা করা হয়। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। মামলার এজাহারে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে ওয়াসার সাবেক এমডি তাকসিম এ খান সংস্থাটিতে অনুমোদিত পদ না থাকা সত্ত্বেও অবৈধভাবে দুজন কর্মকর্তাকে নিয়োগ দেন। দুদকের প্রাথমিক অনুসন্ধানে ঘটনার সত্যতা পাওয়ায় ১০ জনের বিরুদ্ধে মামলাটি করা হয়।
মামলার আসামিরা হলেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সুধাংশু শেখর বিশ্বাস, এফসিএ ভাইস প্রেসিডেন্ট মো. মাহমুদ হোসেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের প্রতিনিধি মো. নুরুজ্জামান, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম হামিদ, ডিএনসিসির সাবেক কাউন্সিলর আলেয়া সারওয়ার ডেইজি এবং সাবেক কাউন্সিলর মো. হাসিবুর রহমান মানিক।
বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকার পরও তাকসিম এ খান প্রায় ১৫ বছর ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। গত ৫ আগস্টে শেখ হাসিনা সরকার পতনের পর ঢাকা ওয়াসার এমডির পদ থেকে পদত্যাগ করেন তাকসিম।