সচিবালয়ের সামনে ৯ দাবিতে অবস্থান নেওয়া প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘাতের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এই কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। গতকাল বুধবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা অফিস আদেশে যুগ্ম কমিশনার (ক্রাইম) ফারুক হোসেনকে প্রধান করে তিন সদস্যের এ কমিটি গঠন করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, ‘তদন্ত কমিটি ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়দায়িত্ব নির্ধারণ করে মতামতসহ বিস্তারিত প্রতিবেদন আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দাখিল করবে। কমিটি প্রয়োজনে যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে নিতে পারবে (কো-অপ্ট)।’
স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দাবিতে গত মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। সেখানে তারা কিছু সময় অবস্থান করে শিক্ষা ভবনের রাস্তা হয়ে সচিবালয়ের সামনে যান। তারা দাবি-দাওয়া নিয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে দেখা করতে চান। সেখানে পুলিশের সঙ্গে বিত-ায় জড়ান শিক্ষার্থীরা। পরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা যায়।